পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার
- আপডেট সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

টানা ভারী বর্ষণে খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার।
নিজস্ব উদ্যোগে এবং আন্দুলিয়ার ‘সোনামুখ স্মার্ট একাডেমি’র যৌথ ব্যবস্থাপনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিশেষ করে ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের জলমগ্ন অংশসহ বিভিন্ন দুর্গত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা খোদেজা বেগম বলেন, ঘরের মধ্যে এক হাঁটু পানি জমে থাকায় রান্না করারও সুযোগ নেই। কয়েকদিন ধরে শুকনো খাবার খেয়ে দিন কাটছে। এ অবস্থায় শাহজাহান জমাদ্দার নিজে এসে খাদ্য সহায়তা দেওয়ায় কয়েকদিনের জন্য হলেও স্বস্তি পেয়েছেন বলে জানান তিনি।
একই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, হঠাৎ করে চারপাশ পানিতে তলিয়ে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। দুর্যোগের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী তাদের খোঁজ নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তারা উপকৃত হয়েছেন।
ত্রাণ বিতরণকালে মোহাম্মদ শাহজাহান জমাদ্দার বলেন, জনসেবা কোনো পদ-পদবির ওপর নির্ভর করে না। মানুষের এই কঠিন বিপদের দিনে ঘরে বসে থাকা সম্ভব নয়। সোনামুখ স্মার্ট একাডেমিকে সঙ্গে নিয়ে আমার সাধ্যমতো পানিবন্দি মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র। ডুমুরিয়াবাসীর যেকোনো প্রয়োজনে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। তিনি বিত্তবানদেরও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ইউনিয়নের কয়েকটি নিচু এলাকা ও আশ্রয়ণ প্রকল্পে পানি জমেছে। পানি দ্রুত নিষ্কাশনে স্থানীয় ড্রেনেজ ব্যবস্থা সচল করার কাজ চলছে। পাশাপাশি ত্রাণ সহায়তাও জোরদার করা হচ্ছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার জানান, উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর পাওয়ার পর প্রশাসন মাঠে সক্রিয় রয়েছে। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারগুলোর তালিকা তৈরি করে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সোনামুখ স্মার্ট একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।






















