রাঙামাটির বরকলে নৌকাডুবি: চারদিন পর যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৩৬ বার পঠিত

রাঙামাটির বরকল উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ওবায়দুল্লাহ (১৯) নামের এক যুবকের মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ৩১ মে বিকেল ৫টার দিকে বরকল উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা বাঙ্গালটিলা বাজারসংলগ্ন নদীপথে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ওবায়দুল্লাহ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
নিহত ওবায়দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নৌভ্রমণের সময় এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সাঁতার জানতেন না।
ঘটনার চারদিন পর বুধবার (৩ জুন) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আমবাগান এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে বরকল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পিতা মোবারক আলী। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


























