যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা
- আপডেট সময় : ১০:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১২ বার পঠিত

যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের বিএনপি নেতা রুহুল আমিনকে গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) ভুক্তভোগী রুহুল আমিন যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত জোহর আলীর ছেলে জসিম উদ্দীন এবং মৃত জয়নালের ছেলে রবিউল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, রুহুল আমিন ফতেপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে চাঁদপাড়া বেলেখাল মোড়ে একটি দোকানের ভেতরে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় অভিযুক্ত দুই ব্যক্তি সেখানে এসে তাকে মারধর করেন। একপর্যায়ে জসিম উদ্দীন কোমর থেকে একটি পিস্তল বের করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় অভিযুক্তরা প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি বোমা বের করে রুহুল আমিনকে লক্ষ্য করে নিক্ষেপ করেন। বিস্ফোরণে বোমার স্প্লিন্টারে তিনি আহত হন এবং পরে গোপনে চিকিৎসা নেন বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পরে তারা আবার এলাকায় সক্রিয় হন। চলতি বছরের ২১ জুন সন্ধ্যায় চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রুহুল আমিন অবস্থানকালে জসিম উদ্দীন ও রবিউল ইসলাম আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, প্রথম ঘটনার সময় অনুকূল পরিবেশ না থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে তিনি মামলা করতে পারেননি। বর্তমানে মামলা করার পরিবেশ সৃষ্টি হলে থানায় মামলা করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হয়ে এ মামলা দায়ের করেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

















