নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার, শুধু বিএনপির নয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৪ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নতুন বাংলাদেশ শুধু বিএনপির একার নয়, এটি দেশের সব মানুষের। তাই রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্বও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাঁধে তুলে নিতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হলে ফ্যাসিবাদ রেখে যাওয়া অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতিও পরিহার করতে হবে।
বুধবার (৫ আগস্ট) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজ আমরা গণতন্ত্রের কথা বলব, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলব। কিন্তু ফ্যাসিস্টরা গুরুজনদের অসম্মান করা, রাজনৈতিক প্রতিপক্ষকে কটূক্তি, তুচ্ছতাচ্ছিল্য ও ভৎসনা করার যে অপসংস্কৃতি রেখে গেছে, তা পরিহার করতে হবে। এসব আচরণ ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে দুর্বল করে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানকে জুলাই চেতনা শেখানোর চেষ্টা করা হলে তা হাস্যকর মনে হয়। তিনি দাবি করেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে যে জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল, বিএনপি তার প্রতিটি শব্দ ও অঙ্গীকার ধারণ করে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বলেন, সর্বশেষ সংসদ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধিকাংশ অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশে ত্রুটি থাকায় সেগুলো আরও পর্যালোচনার জন্য সময় নেওয়া হয়েছে। এ নিয়ে বিএনপির বিরুদ্ধে জুলাই চেতনার বিরোধী হওয়ার অভিযোগ তোলা হলেও তা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং মানবাধিকার কমিশনসংক্রান্ত অধ্যাদেশ সংশোধন করে চূড়ান্ত করা হয়েছে। এগুলো আগামী দিনে সংসদে উত্থাপন ও পাস করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাদের কারও অবদান বিএনপি অস্বীকার করে না। ছোট-বড় সব অবদানই সম্মানের। তবে তিনি প্রশ্ন রেখে বলেন, জুলাই আন্দোলনে গুরুতর আহত ইনাম সিদ্দিকী অন্তর্বর্তী সরকারের সময় কেন পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছেন, তার জবাব সংশ্লিষ্টদের দিতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই যোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখার সংবাদ সম্মেলনে উত্থাপিত ১০ দফা দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত। আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, জামায়াত নেতা আবুল হাশিম রেজা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার নেতা নুরুজ্জামান।



















