বাঘারপাড়ায় বাল্যবিবাহ রোধে সচেতনতার আহ্বান
- আপডেট সময় : ০৯:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পঠিত

শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। কোনো বন্ধু বিপথে গেলে বা মাদকের দিকে ঝুঁকে পড়লে তাকে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
বাঘারপাড়ার বন্দবীলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে ভুপালী সরকার বলেন, একটি মেয়ের শিক্ষা জীবনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় বাল্যবিবাহ। অসচেতন ও অপরিণামদর্শী কিছু অভিভাবক বাল্যবিবাহের মাধ্যমে নিজের সন্তানের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেন, যা কোনোভাবেই কাম্য নয়। বাল্যবিবাহের বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
























