নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম গ্রেফতার
- আপডেট সময় : ০৪:১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পঠিত

নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নড়াইল আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একটি মামলায় গাউসুল আযম মাসুমকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে নড়াইল সদর থানায় গাউসুল আযম মাসুমের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গাউসুল আযম মাসুম বর্তমানে নড়াইল জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ২৮ মে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর মাসুমকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।























