শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৭:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পঠিত

সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা- উদযাপন উপলক্ষে বরগুনার পাথরঘাটায় প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার সময় পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৪৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের আইনশৃঙ্খলা বিষয় দিকনির্দেশনা প্রদান করেন পাথরটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজার সময় বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা নিশ্চিত করা, মণ্ডপের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্টদের নিজ নিজ মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা । পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য প্রত্যেকটি মন্দিরে জরুরী টেলিফোন নাম্বার দেয়া হয়।
সভায় ভার্চুয়াললি যোগ দিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসবেরও একটি অংশ। পাথরঘাটায় প্রতিবছরের মতো এবারও পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। কোনো মহল যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলার ৪৫টি পূজামণ্ডপে যেন ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন, পাথরঘাটা পৌর বিএনপি’র সাবেক সভাপতি সাহাবুদ্দিন সাকু, পাথরঘাটা পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ইরফান আহমেদ সোয়েন, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মহসিনুল কবির, পাথরঘাটা উপজেলা পূজা ঐক্য ফ্রন্ট এর সভাপতি অরুণ কর্মকার, এ্যাড. টিটপ কুমার রায় (বিটুল) সহ অনেকে।
























