কালিয়ায় শুরু হয়েছে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬
- আপডেট সময় : ০৮:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৬১ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে আরও আধুনিক, টেকসই ও জলবায়ু-সহিষ্ণু করে গড়ে তোলার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাতুল ইসলাম।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকদের আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু প্রযুক্তির সঙ্গে পরিচিত করাই এ মেলার প্রধান লক্ষ্য। এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্থাপিত স্টলে উন্নত কৃষি প্রযুক্তি, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের ফসল, সাশ্রয়ী সেচব্যবস্থা এবং জলবায়ু-সহনশীল কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকরা আরও জানান, মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১ জুলাই বিকেল ৪টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মেলার সমাপ্তি ঘটবে।




















