দাফন সম্পন্ন
সাবেক সেনাসদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার প্রদান
- আপডেট সময় : ০৪:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আলি কাজী (৭৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৬ আগস্ট) বাদ আসর বাগুডাঙ্গা ঈদগাহ মাঠে তাঁর জানাজার আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যশোর থেকে আসা একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরে একই স্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আলি কাজীকে বাগুডাঙ্গা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, সাবেক সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।




















