ডুমুরিয়ার কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ১০:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৪৩ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়মিত উপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক বলেছেন, দাপ্তরিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় মাঝে মাঝে ক্লিনিকে যেতে বিলম্ব হয়।
রোববার (২৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকের চারপাশে আগাছা ও ঝোপঝাড়ে ভরে গেছে। ভবনের পরিবেশও অপরিচ্ছন্ন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ক্লিনিক পরিচালিত হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা ও টিপনা পশ্চিমপাড়া মসজিদের ইমাম শহিদুল সর্দার অভিযোগ করে বলেন, সরকারি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা থাকলেও অনেক সময় বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। পাশাপাশি চিকিৎসকের আচরণেও তারা সন্তুষ্ট নন।
একই ধরনের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এরশাদ সরদার। তিনি বলেন, চিকিৎসক নিয়মিত ক্লিনিকে আসেন না। ক্লিনিকের পরিবেশ দেখলেই বোঝা যায়, এখানে নিয়মিত কার্যক্রম পরিচালিত হয় না।
চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাওয়া ফারুক সরদার অভিযোগ করেন, রোগীরা অপেক্ষা করলেও চিকিৎসক অনেক সময় ক্লিনিকের বাইরে অবস্থান করেন। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক সুকান্ত বলেন, ক্লিনিক বন্ধ রাখার অভিযোগ সঠিক নয়। উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি সভা ও জরুরি দাপ্তরিক কাজে অংশ নিতে হওয়ায় কখনও কখনও ক্লিনিকে যেতে দেরি হয়।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল মল্লিক বলেন, টিপনা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খুলনার সিভিল সার্জন বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্লিনিকের পরিবেশ উন্নয়ন, নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত এবং দায়িত্বশীল চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল করার দাবি জানিয়েছেন।






















