বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস
- আপডেট সময় : ০৯:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০ বার পঠিত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (২৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। এ সময় দেশের প্রায় সব বিভাগেই অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধবারের দিকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে নিম্নাঞ্চল এবং ভারী বর্ষণপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।




















