মাগুরায় ২৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পঠিত

মাগুরা শহরে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকাসহ রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্প। এ সময় একটি টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, প্রেস লেখা বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা থানার মালিপাড়া এলাকার মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর কক্ষে বসবাস করতেন।
এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এসআরবি-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।

























