যশোর সদরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন কর্মসূচি
- আপডেট সময় : ১০:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোর সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটি-ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন কর্মসূচির ওপর প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে উলাসী সৃজনী সংঘ (ইউএসএস)।
কর্মসূচির শুরুতে “একটি গাছ একটি প্রাণ” স্লোগানকে সামনে রেখে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহরিয়ার হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল হাজরা এবং প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ ফারুক হোসেন।
উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নিষ্কৃতি বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। কর্মসূচির বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেনিফার জেনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমা রানী বর্মন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার ব্রজেন্দ্র নাথ শীল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এলএফও সদস্যবৃন্দ। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন এবিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কমিউনিটি-ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে আম, কদবেল, কাঁঠাল, আমলকী ও মেহগনি গাছের চারা দেওয়া হয়।






















