যশোরে ভারতীয় ইলিশের কাগজপত্র না থাকায় কর্ণফুলী ফিস’কে জরিমানা
- আপডেট সময় : ১০:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পঠিত

যশোর বড়বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং আমদানি ও ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ‘কর্ণফুলী ফিস’ নামে একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড়বাজারের মাছ বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান মনিটরিং করা হয়।
অভিযানকালে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্যসংক্রান্ত তথ্য এবং আমদানিকৃত মাছের আমদানি, সরবরাহ, ক্রয় ও বিক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। এসব কাগজপত্র যথাযথভাবে দেখাতে না পারায় কর্ণফুলী ফিসের মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি ও ক্রয়-বিক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভারতীয় ইলিশের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যসহ সার্বিক কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।























