মাইকেল মধুসূদন কলেজে ছাত্রীদের মাইন্ড প্রোগ্রামিং সেশন
- আপডেট সময় : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

মানসিক সচেতনতা, আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তাভাবনা এবং দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের আবাসিক ছাত্রীদের নিয়ে বিশেষ ‘মাইন্ড প্রোগ্রামিং’ সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘মনের শিকল ভেঙে শিখরে’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেশনে কলেজের তিনটি আবাসিক ছাত্রীনিবাসের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সেশনের আগে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপন, মানসিক চাপ, পড়াশোনা, ব্যক্তিগত চ্যালেঞ্জ, অভ্যাস ও মানসিক অবস্থার বিষয়ে গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য ও শিক্ষার্থীদের প্রয়োজনের ভিত্তিতে সেশনের বিষয়বস্তু নির্ধারণ করেন প্রধান আলোচক হামিদুল হক, ব্ল্যাক বেল্ট ইন মেমোরি ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
সেশনে মানসিক চাপ ও নেতিবাচক চিন্তা মোকাবিলা, নিজের সক্ষমতা সম্পর্কে সচেতনতা, দৈনন্দিন অভ্যাস ও মানসিকতার সম্পর্ক, আত্মবিশ্বাস এবং লক্ষ্যনির্ভর জীবনযাপন নিয়ে আলোচনা করা হয়। প্রচলিত বক্তৃতার পরিবর্তে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে আলোচনা পরিচালনা করায় সেশনে তাদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ। তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মসচেতনতা ও ইতিবাচক জীবনদৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমান বক্তব্য দেন।
আয়োজনটির সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনটি আবাসিক ছাত্রীনিবাসের হল সুপার নাসরিন সুলতানা, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ। তাঁর উদ্যোগ ও তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রয়োজন ও মানসিক অবস্থাকে বিবেচনায় নিয়ে সেশনটির পরিকল্পনা করা হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সেশনটির মাধ্যমে নিজেদের দৈনন্দিন জীবন, মানসিক চাপ, অভ্যাস ও ব্যক্তিগত ভাবনা নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সেশনের আগে তথ্য সংগ্রহ করে সেই অনুযায়ী আলোচনার বিষয় নির্ধারণ করায় তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে আলোচনার বিষয়গুলোর মিল খুঁজে পেয়েছেন।























