নড়াইলে অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী
- আপডেট সময় : ০৫:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৫৪ বার পঠিত

“খেলাধুলা হবে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে মাসব্যাপী অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শনিবার (১৩ জুন) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিস, নড়াইল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. হায়াতুজ্জামান বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং এটি ভবিষ্যতে পেশা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং দেশের ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের অর্জিত দক্ষতা ধরে রাখতে হবে এবং ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও প্রতিভার মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা অ্যাথলেটিক্স ও সাঁতার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

























