ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পাল্টা সংবাদ সম্মেলনে কবুর শেখের প্রতিবাদ

নড়াগাতীতে কবরস্থানের জমি দখলের অভিযোগ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চরবল্লাহাটী দক্ষিণপাড়া কবরস্থানের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ও বক্তব্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কবরস্থানের জমি দখলের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করলেও অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত কৃষক কবুর শেখ ও তাঁর স্ত্রী।

গত ২৮ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর চরবল্লাহাটী দক্ষিণপাড়া কবরস্থানের পাশে আয়োজিত মানববন্ধনে শতাধিক মুসল্লি অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানের পশ্চিম পাশে এওয়াজ সূত্রে তিন শতক জমি পেয়ে কবুর শেখ সেখানে বসবাস করে আসছেন। তবে বর্তমানে তিনি কবরস্থানের জায়গাসহ প্রায় ১০ শতক জমি জোরপূর্বক ভোগদখল করছেন।

বক্তারা আরও দাবি করেন, কবরস্থানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কবুর শেখকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তাতে সাড়া দেননি। এ সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও করা হয়। বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন চরবল্লাহাটী দক্ষিণপাড়া জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, মো. রমজান মোল্যা, মনির মোল্যা, কালাম মোল্যা, ওয়ার্ড সদস্য কাজল মোল্যা ও কাবুল ফকিরসহ স্থানীয়রা।

অভিযুক্ত কবুর শেখ ওই গ্রামের মৃত বারিক শেখের ছেলে। মানববন্ধনের পর অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বলে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়।

এরই মধ্যে অভিযোগের প্রতিবাদে গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন কবুর শেখ ও তাঁর স্ত্রী। লিখিত বক্তব্যে কবুর শেখ তাঁর বিরুদ্ধে আনা কবরস্থানের জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি বলেন, ‘আমি কোনো কবরস্থানের জমি দখল করিনি। নিজের ক্রয়কৃত জমিতে বসবাস ও ভোগদখল করে আসছি।’

কবুর শেখের দাবি, ২০০২ সালে ২২ হাজার ৫০০ টাকায় বল্লাহাটি মৌজার ২৯৯ খতিয়ানের সাবেক ১৪৯৬ ও হাল ১২৪৩ দাগের চার শতক জমি হাসেম মোল্যার কাছ থেকে তিনি ক্রয় করেন। টাকা নেওয়ার পর হাসেম মোল্যা জমিটি দলিল করে দেওয়ার কথা বললেও পরবর্তীতে দলিল করে দেননি বলে অভিযোগ করেন তিনি।

কবুর শেখ আরও অভিযোগ করেন, জমিটি দলিল করে না দেওয়ার বিষয়কে কেন্দ্র করেই গত ২৮ আগস্ট হাসেম মোল্যার ছেলে কাজল মোল্যা ও তাঁর লোকজন তাঁকে কবরস্থানের জমি দখলকারী হিসেবে অভিযুক্ত করে স্থানীয়দের ভুল বুঝিয়ে মানববন্ধন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বৈধভাবে তাঁর ভোগদখলে থাকা জমি নিয়ে ভুল তথ্য প্রচার করে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে কবরস্থানের জমির প্রকৃত মালিকানা, দখল ও সীমানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির বিষয়ে সংশ্লিষ্ট দলিলপত্র, খতিয়ান ও দাগ নম্বর যাচাই এবং সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

পাল্টা সংবাদ সম্মেলনে কবুর শেখের প্রতিবাদ

নড়াগাতীতে কবরস্থানের জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬