সাতক্ষীরায় বিদেশি পিস্তল-ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

সাতক্ষীরায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম (৩১) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার আরিফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম জয়নাল সরদার।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরিফুলকে আটক করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
র্যাব-৬ জানায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






















