ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের হামলায় খামারের সব মুরগি নিধন
- আপডেট সময় : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের হামলায় এক ক্ষুদ্র পোল্ট্রি খামারির খামারের সব মুরগি মারা গেছে। এতে খামারির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার গদখালী ইউনিয়নের বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি আজিজুর রহমান লাল্টু ওই গ্রামের মোহাম্মদ শাহজান আলীর ছেলে।
ভুক্তভোগী আজিজুর রহমান লাল্টু জানান, রাতের কোনো একসময় ৮ থেকে ১০টি বেওয়ারিশ কুকুর তার পোল্ট্রি খামারে ঢুকে একে একে সব মুরগি মেরে ফেলে। সকালে খামারে গিয়ে তিনি মুরগিগুলোকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এতে কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে যায়।
আজিজুর রহমান লাল্টু বলেন, ক্ষুদ্র ঋণ ও নিজস্ব সঞ্চয় দিয়ে খামারটি গড়ে তুলেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব, তা বুঝে উঠতে পারছি না।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। এতে শুধু গৃহপালিত প্রাণী নয়, পথচারী ও শিশুদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।
তারা জানান, বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

























