যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫
- আপডেট সময় : ০৮:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলার শার্শা, কোতোয়ালি ও চৌগাছা এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে শার্শা থানাধীন ১০ নম্বর শার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাভারন মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই (নিঃ) কামাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেলিম রেজার মুসলিম হোটেলের সামনে পাকা রাস্তা থেকে শাহিন হোসেন ওরফে শাহিন আলম (২৫), আব্দুল্লাহ আল হুসাইন (২৬) এবং সবুজ সুলতান (২৫)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিচ করে মোট ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শাহিন হোসেন ওরফে শাহিন আলম শার্শার বেরি পশ্চিমপাড়ার আকিজ উদ্দিনের ছেলে। আব্দুল্লাহ আল হুসাইন একই উপজেলার মির্জাপুর এলাকার মনিরুজ্জামানের ছেলে এবং সবুজ সুলতান মির্জাপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।
এরপর রাত ১০টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই (নিঃ) সামিউল ইসলামের নেতৃত্বে আজিজুল ইসলামের মুদির দোকানের সামনে থেকে আজিজুল ইসলাম (৩৮)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি তরফ নওয়াপাড়া গ্রামের মোশারেফ আলী মোড়লের ছেলে।
একই রাতে রাত ১০টা ১০ মিনিটের দিকে চৌগাছা থানাধীন ৬ নম্বর জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে আড়পাড়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে সোহাগ ইসলাম তোতা (২৭)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সাতগাছিয়া পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

























