সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত
- আপডেট সময় : ০৪:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পঠিত

ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ (৪৫)। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ব্যক্তিগত কাজে মাহমুদুল হাসান অনিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন কাজী আশরাফ। সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
দুর্ঘটনায় কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। আহত মাহমুদুল হাসান অনিকের চিকিৎসা চলছে।
নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশন ও দৈনিক করতোয়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, “সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইলে কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও তাঁর সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
























