আলমডাঙ্গায় ‘নজরুলবর্ষ’ বাস্তবায়নের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৬:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৭ বার পঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘নজরুলবর্ষ’ বাস্তবায়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হুসাইন মালিক, উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার রশীদ সাগর, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন গল্পকার পিন্টু রহমান, কবি আসিফ জাহান, কবি গোলাম রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. অমল কুমার বিশ্বাস, লতিফ শাহসহ আলমডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক খাইরুল ইসলাম।
সভায় ‘নজরুলবর্ষ’ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাহিত্যচর্চা এবং নজরুলের জীবন ও দর্শনভিত্তিক নানা আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় কবির সাম্য, মানবতা, দ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতারও কবি। তাঁর সাহিত্য ও দর্শন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। তাই ‘নজরুলবর্ষ’ পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নজরুলের বহুমাত্রিক সৃষ্টিকর্ম ও আদর্শ তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
জেলা পরিষদ, চুয়াডাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় আলমডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা ‘নজরুলবর্ষ’ সফল, সুষ্ঠু ও অর্থবহভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
























