শিক্ষকদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান
কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৭:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পঠিত

“শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়নে ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি অনুষ্ঠানে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষক, সরকারি কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের মান নির্ধারণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না; তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষা দেন। ফলে একটি উন্নত, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
আলোচনায় শিক্ষকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিক্ষকদের ওপর দায়িত্ব বাড়লেও অনেক ক্ষেত্রে তাদের পেশাগত চ্যালেঞ্জও বাড়ছে। শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম এম সরাফত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং তাদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা গেলে তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ভূমিকা রাখতে পারবেন।
বিশ্ব শিক্ষক দিবসের পটভূমি তুলে ধরে বক্তারা জানান, ১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের মর্যাদা ও পেশাগত অধিকার সংক্রান্ত ঐতিহাসিক সুপারিশমালা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, এবারের বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের পেশাগত অবস্থান আরও শক্তিশালী করা, তাদের মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকতার গুরুত্ব নতুন করে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি প্রশাসন, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কালিয়ায় শিক্ষকদের প্রতি সম্মান ও তাদের অবদানের স্বীকৃতি জানানোর পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।























