ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০২:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পঠিত

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় প্রচার অভিযান, আলোচনা সভা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে সকাল ৯টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দেশব্যাপী তিন মাসব্যাপী সচেতনতামূলক প্রচারের উদ্বোধনী অনুষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচার করা হয়। পরে সকাল ১০টায় প্রচারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা স্কাউটসের সেক্রেটারি মোহাম্মদ আলী তারেক, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহর নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ড্রেন, নর্দমা ও ডোবায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সবার সম্মিলিত অংশগ্রহণ সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

























