কেশবপুরে স্পিডব্রেকারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৮ বার পঠিত

যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত স্পিডব্রেকার (গতিরোধক) নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২৭ জুলাই) টিফিন বিরতির সময় কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার উদ্যোগে মাইকেল গেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচিতে তারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর গতিরোধক নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. খায়রুল আনাম ও মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক হাফিজুর রহমান এবং নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা মালিহা ও মোছা. সুমাইয়া খাতুন।
বক্তারা বলেন, যশোর-চুকনগর মহাসড়কের কেশবপুর অংশটি অত্যন্ত ব্যস্ততম হওয়ায় প্রতিনিয়ত ভারী ও দ্রুতগতির যানবাহন চলাচল করে। বিশেষ করে মাইকেল গেট সংলগ্ন এলাকায় চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে এ স্থানে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।
তারা আরও বলেন, প্রতিদিন শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হয়ে মাদ্রাসায় যাতায়াত করতে হয়। তাই আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ওই স্থানে কার্যকর স্পিডব্রেকার স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
























