ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ০৭:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০, বিএসটিআই আইন ২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এসব অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিমল সরকারকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ফারদিন মিষ্টির স্বত্বাধিকারী কে এম অহিদুল ইসলামকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৪ ও ৪১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা ঘোষের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিউ তৃষা মিষ্টি ভান্ডারের স্বত্বাধিকারী গোবিন্দ মন্ডলকে বিএসটিআই আইন ২০১৮-এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া হাজি বিরিয়ানি’র স্বত্বাধিকারী মেহেদি শিকদারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৪১ ধারায় ৩ হাজার টাকা, মিষ্টি মুখের স্বত্বাধিকারী লক্ষ্মী রানী পালকে একই আইনের ৪১ ধারায় ১ হাজার টাকা এবং তৃষা মিষ্টি ও তৃষা মিষ্টান্নের স্বত্বাধিকারী যথাক্রমে নারায়ণ চন্দ্র ও রঞ্জিত মন্ডলকে বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারায় ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, জনস্বার্থ রক্ষা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ওজনে কারচুপি, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি বলেন, অভিযানে আটটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে ডুমুরিয়ার প্রতিটি বাজারে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএসটিআইয়ের প্রতিনিধি এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।























