ডেঙ্গু প্রতিরোধে চুড়ামনকাটিতে যুবকদের সচেতনতামূলক প্রচারণা
- আপডেট সময় : ১১:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনসচেতনতা তৈরিতে এগিয়ে এসেছেন যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের একদল সচেতন যুবক। ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় মাইকিং এবং হ্যান্ড লিফলেট বিতরণের মাধ্যমে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।
প্রচারণায় মশার বংশবিস্তার রোধ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে সতর্ক হওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।
কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মাস্টার শিমুল হোসেন। এছাড়া শামীম কবির ওয়াসিম, সুজাউদ্দৌলা, তারিকুজ্জামান লিপন, জাকির হোসেন জিকো, মোহন সরদার, শাওন কবির, ইব্রাহিম খলিল, রশিদ চাকলাদার, কবির মল্লিক ও পলাশ হোসেনসহ অনেকে এ প্রচারণায় অংশ নিচ্ছেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণও জরুরি। যুবকদের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মাস্টার শিমুল হোসেন বলেন, “ডেঙ্গু বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই এ প্রচার কার্যক্রম শুরু করা হয়েছে।” তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব—এমন প্রত্যাশা নিয়েই চুড়ামনকাটিতে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা।























