বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন
- আপডেট সময় : ১০:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৪ বার পঠিত

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী তিন বছরের জন্য নতুন বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর জেলা শাখার উদ্যোগে শহরের একটি স্থানীয় হোটেলে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাপুসের খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি মো. আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ। বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিচালক আমিনুর রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরাফাত ফয়সল সরকার, ইমরুল কায়েস ও সাইফুল ইসলাম শুভ। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খান।
আলোচনা শেষে আগামী তিন বছরের জন্য বাপুসের খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি হিসেবে মো. আলমগীর এবং সাধারণ সম্পাদক হিসেবে জসিম উদ্দিন খান নির্বাচিত হন। এ সময় যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা প্রকাশনা শিল্পের উন্নয়ন, বইয়ের বাজার সম্প্রসারণ, প্রকাশক ও বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।




















