বিভিন্ন দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
- আপডেট সময় : ০৯:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৭ বার পঠিত

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে যশোরের সিভিল কোর্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, দেশে বর্তমানে সাধারণ মানুষ নানামুখী নাগরিক ও অর্থনৈতিক সংকটে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকায় শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ খাতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভুতুড়ে বিদ্যুৎ বিল ও বারবার মূল্যবৃদ্ধির কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
সংগঠনটির উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে—দ্রুত গ্যাস সংকট ও লোডশেডিং দূর করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রত্যাহার, গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত ভুতুড়ে বিল ফেরত বা সমন্বয় করা, চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে জবাবদিহিতা নিশ্চিত করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য যশোরের সমন্বয়ক অধ্যক্ষ আবু জাফর ছিদ্দীকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, অধ্যাপক আবুল হাশিম রেজা, মুফতি রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম মিলনসহ সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো জনস্বার্থে দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।




















