আটক ৩ কিশোর গ্যাং সদস্য
যশোর জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট
- আপডেট সময় : ০৯:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে যশোরে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলার ৪৩টি স্থানে একযোগে এ অভিযান চালানো হয়।
যশোর জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ৪৩টি চেকপোস্টে ১ হাজার ৭০০-এর বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। অভিযানে ৩৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একই অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশের প্রচারণার বার্তা “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।”
























