খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ২১ বার পঠিত

খুলনার লবণচরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত নাজিম ওরফে নাদিম (৩০) এবং তার সহযোগী মো. মাসুদ রানা (৩৭)-কে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাজিম ওরফে নাদিম আমতলা এলাকার শাহজাহানের ছেলে এবং মাসুদ রানা ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে। তারা দুজনই খুলনার লবণচরা থানার বাসিন্দা।
অভিযানের সময় নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আলামতগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
র্যাব আরও জানায়, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
























