জামায়াতের এমপির বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৯ বার পঠিত

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের যশোরস্থ বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে নওয়াপাড়া পীরবাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মিছিল শেষে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের শুরা সদস্য মশিউর রহমান এবং অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার মো. শরিফ হোসেন।
বক্তারা অভিযোগ করেন, অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁর পরিবারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হামলা, ভাঙচুর, ব্যক্তিগত আক্রমণ কিংবা সাইবার বুলিং কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এদিকে, সম্প্রতি অধ্যাপক গোলাম রসুলের পরিবারের একটি ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগ ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁর মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়াজনিত মানসিক সমস্যার চিকিৎসাধীন। এ বিষয়ে চিকিৎসাসংক্রান্ত কিছু নথিও প্রকাশ করা হয়েছে। একই সময়ে যশোরে অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।




















