মহেশপুরে র্যাবের অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
- আপডেট সময় : ১০:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৭ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে ১২২ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে র্যাব-৬। এ সময় মাদক ব্যবসার অভিযোগে রায়হান মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মহেশপুর থানার যাদবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার রায়হান মিয়া মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রায়হানের বসতবাড়ির খড়ের গাদার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২২ বোতল স্কাফ সিরাপ এবং পাঁচটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা, ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























