প্রয়াত ২৭ কবির স্মরণে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৯:০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০ বার পঠিত

যশোর সদর উপজেলার হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসায় প্রয়াত ২৭ জন কবির স্মরণে ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)। শনিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ২৭টি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনে প্রয়াত কবি নূরজাহান আরা নীতির স্মরণে একটি নিমগাছের চারা যৌথভাবে রোপণ করেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এবং কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর।
পরে কবি ফজল মোবারকের স্মরণে একটি বকুল, কবি আকরাম হোসাইনের স্মরণে একটি হরিতকী এবং কবি আব্দুল আলিমের স্মরণে একটি জামরুল গাছের চারা রোপণ করা হয়। একইভাবে পর্যায়ক্রমে প্রয়াত আরও ২২ জন কবির স্মরণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথি, সাহিত্যিক ও স্বজনরা।
বৃক্ষরোপণ শেষে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসার সুপার এইচ.এ.কে.এম. এম. মঈনুদ্দিন, যশোর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি এডিএম রতন, কবি ভদ্রাবতী বিশ্বাস, সহকারী অধ্যাপক আর. কে. ঘোষ, ডা. আহাদ আলী, কবি সুরাইয়া শরীফ, কবি মঞ্জুয়ারা সোনালী, কবি এম. এ. কাসেম অমিয়, মো. মনিরুজ্জামান, অরুণ বর্মণ, শামীম আহম্মেদ টিটো, আরশি গাইন, শরীফ হোসেন ধীমান এবং সানজিদা ফেরদৌসসহ অন্যরা।
এ সময় প্রয়াত কবিদের স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট ফজলুল হক, কবি নূরজাহান আরা নীতির ছেলে মোস্তানূর রহমান সাক্ষর, কবি আব্দুল আলিমের স্ত্রী আয়েশা বেগম, কবি আকরাম হোসাইনের মা আছিয়া বেগমসহ অন্যান্য স্বজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত কবিদের স্মৃতিকে ধারণ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের মতো উদ্যোগ আগামী প্রজন্মকে সাহিত্য ও প্রকৃতির প্রতি আরও সচেতন করে তুলবে।




















