ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসায় ১ লাখ টাকা সহায়তা
- আপডেট সময় : ০৬:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পঠিত

ব্রেন টিউমারে আক্রান্ত যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোপদুর্গাপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী ফাহিমের চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ‘খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন’।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফাহিমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তার অর্থ তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। উন্নত চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের পাশে দাঁড়াতেই এ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি সুলাইমান কবির রাব্বি, সহসভাপতি এমডি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সাকিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোস্তফা কামাল, রাব্বি আল-আমিন, হাসান মাহমুদ সাজিদ, আদনান সামি, মোজাহিদ ও শাওনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মেধাবী শিক্ষার্থী ফাহিমের চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে তার চিকিৎসায় পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, ফাহিম দ্রুত সুস্থ হয়ে আবার লেখাপড়ায় ফিরতে পারে, এটাই তাদের প্রত্যাশা। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান তারা।
























