যশোরে চায়না দুয়ারি জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৯:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৮ বার পঠিত

যশোর শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা প্রায় ৮০০ মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ অভিযানে বড় বাজারের বারান্দীপাড়া এলাকার ব্যবসায়ী সুজন পালকে ২০ হাজার টাকা এবং বেজপাড়ার সুভাল পালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম। অভিযান শেষে জব্দ করা প্রায় ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ ও পরিবেশবিধ্বংসী চায়না দুয়ারি জালের ব্যবহার ও বাণিজ্য বন্ধ করা, জাল ব্যবসায়ীদের সচেতন করা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দেওয়া।
তারা বলেন, চায়না দুয়ারি জাল নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধরে ফেলে, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের জালের ব্যবহারে জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।
কর্মকর্তারা আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















