যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- আপডেট সময় : ১০:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে প্রায় ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। আটক ময়ুর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ময়ুরের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জব্দ করা স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। স্মার্টফোন ও নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ময়ুরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ ও পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।


























