মহাসড়ক অবরোধ
যশোর-৪ আসনের এমপি’র বাসভবনের সামনে বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১০ বার পঠিত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ। এ সময় তাঁর বাসভবনে হামলার অভিযোগও উঠেছে। বিক্ষোভকারীরা একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। হামলায় ওই নারীর মাথা ফেটে যায় বলেও দাবি করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে সেটি বন্ধ রাখতে বলা হয় বলে অভিযোগ রয়েছে। এরপরই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে তারা এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, সংশ্লিষ্ট মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে দুর্ব্যবহার করে আসছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাঁর ওপর চড়াও হয়। এ সময় তাঁকে মারধরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তাঁর মেয়ের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে দীর্ঘ সময় সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এমপির বাসভবনের সামনে স্থানীয়দের অবস্থান অব্যাহত ছিল এবং যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছিল।
এ বিষয়ে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর দাবি, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা বিভিন্ন সময় এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করেছিলেন তাঁর মেয়ে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। এখন তাঁদের বাসভবনে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও তিনি দাবি করেন।




















