সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির জেলা সম্মেলন
- আপডেট সময় : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৫১ বার পঠিত

মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের হোটেল টাইগার প্লাসের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড সরকারের সহায়তায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, “মানব পাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মানব পাচার রোধ করা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হক এবং অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, ‘আশ্বাস’ প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের সদস্যরা।
সম্মেলনে মানব পাচারের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধে করণীয়, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং এ-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মানব পাচার প্রতিরোধে সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতকরণ এবং ভুক্তভোগীদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানান।


























