
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় যুবদলের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রোববার সন্ধ্যায় নড়াগাতী যুবদলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন ঝুনু চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যুবদল নেতারা মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
এ সময় সাখাওয়াত হোসেন ঝুনু চৌধুরী বলেন, মাদকের বিষয়ে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। বিশেষ করে যুব ও তরুণ সমাজের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, “আমরা চাই যারা মাদকে আসক্ত তারা ভুল পথ থেকে ফিরে এসে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”
তিনি আরও জানান, মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সচেতন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে এ অভিযানের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। কয়েকজন মাদকাসক্ত ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি নিজেদের ভুল স্বীকার করে অনুতপ্ত হয়েছেন এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করেছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম যুবদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা পেলে মাদকের ভয়াবহতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের সামাজিক উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
এদিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এক বার্তায় বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সরকার ও প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।
স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের এমন উদ্যোগ মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















