‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না’ : পেজেশকিয়ান
- আপডেট সময় : ১২:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৫২ বার পঠিত

যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। খবর মিডল ইস্ট আইয়ের।
পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখনোই কোনো দেশের স্বার্থে নয়। তবে যদি কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে এই ধারণা করে যে দেশটি আত্মসমর্পণ করবে বা পিছু হটবে, তাহলে তা হবে বড় ধরনের ভুল হিসাব।
তিনি বলেন, “যুদ্ধ আমাদের কাম্য নয়। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে ইরান কখনো মাথানত করবে না।”
গাজার উদাহরণ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, “তিন বছর ধরে একটি ছোট উপত্যকাকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি তারা। সুতরাং ইরানকে একইভাবে পরাজিত করার চিন্তাও বাস্তবসম্মত নয়।”
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে।
মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, বুধবার (১০ জুন) গভীর রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এ হামলা পরিচালিত হয়। তাদের দাবি, এটি ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল গভীর নজর রাখছে।

























