কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় : ০৫:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকারের আরও এক যাত্রী গুরুতর আহত হন।
সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলে ঢুকে পড়ে। এতে বাসে থাকা ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

























