ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার
- আপডেট সময় : ০৯:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় তরুণদের ‘সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা’ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দশম শ্রেণির প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ-এর ন্যাশনাল কনসালটেন্ট ড. আব্দুল কাদের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএইচও বাংলাদেশ-এর সুইসাইড প্রিভেনশন স্পেশালাইজড ড. তানভীর হোসেন, ঝিকরগাছা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, মনের বন্ধু সংগঠনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বারিউল ইসলাম প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না; আত্মবিশ্বাস, সহমর্মিতা, মানসিক সুস্থতা, ইতিবাচক চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি ও সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করতে হবে। এসব জীবনদক্ষতা তরুণদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
তারা আরও বলেন, সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা বিকাশের মাধ্যমে তরুণদের মাদক, সহিংসতা, হতাশা ও বিভিন্ন সামাজিক সমস্যা থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে মানবিক, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ ও গ্র্যান্ড চ্যালেঞ্জেস কানাডার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

























