পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৩:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৪৮ বার পঠিত

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে সোনাদিয়া ইউনিয়নের হিল্টন রোড এলাকায় ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চন্দ্র ভূষণ দে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম মোল্লা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (মেম্বার), গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা জরুরি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম মোল্লা বলেন, “সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সোনাদিয়া ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”
প্রশাসনিক কর্মকর্তা চন্দ্র ভূষণ দে বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণের ব্যাপারেও সবাইকে সচেতন হতে হবে।”
পরে অতিথিবৃন্দ ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


























