যশোরে জমি বিরোধে লাঠির আঘাতে যুবক আহত
- আপডেট সময় : ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ২৮ বার পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কিবরিয়া হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কিবরিয়া হোসেন ওই এলাকার রওশন হোসেনের ছেলে। তাঁর পরিবারের অভিযোগ, বাড়ির সামনে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসান (২৭) ও রাসেল (৩০) নামে দুই ব্যক্তি কিবরিয়াকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
এতে কিবরিয়া হোসেন গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় আঘাত পাওয়ায় কিবরিয়ার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
























