মঞ্চায়নের তারিখ ঘোষণা
যশোর ইনস্টিটিউটে তিন নাটকের মহরত
- আপডেট সময় : ১০:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ২৬ বার পঠিত

‘নাটক হোক সমাজ গঠনের হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের যাত্রাপালা ও নতুন তিনটি নাটকের মহরত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী মৌসুমে নাটকগুলোর মঞ্চায়নের সম্ভাব্য সময় ও তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও নাট্যকলা সংসদের সভাপতি এ জেড এম সালেক স্বপন।
অনুষ্ঠানে যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, ইনস্টিটিউটের সিআরসির সভাপতি ড. শাহনাজ পারভীন, নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন এবং জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী মৌসুমের জন্য তিনটি নাটকের রূপরেখা ও মঞ্চায়নের সময়সূচি তুলে ধরা হয়। এর মধ্যে মৃণাল কান্তি দে রচিত যাত্রাপালা ‘বিদ্রোহী নজরুল’ যৌথভাবে পরিচালনা করবেন বদরুল আলম দুলাল ও আলমগীর হোসেন বাবু। যাত্রাপালাটি আগামী অক্টোবর মাসে মঞ্চায়নের সম্ভাবনা রয়েছে।
মনোজ মিত্রের রচিত ‘নরক গুলজার’ নাটকটি নির্দেশনা দিয়েছেন আলমগীর হোসেন বাবু। আগামী ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হবে। এর প্রযোজনা নিয়ন্ত্রক হিসেবে রয়েছেন সাহাবুদ্দিন আহমেদ সাবু এবং মহড়া নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন স্বপন দাস।
এ ছাড়া উইলিয়াম শেক্সপিয়ারের অমর সৃষ্টি অবলম্বনে ‘ম্যাকবেথ’ নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস-উদ-জামান। নাটকটি আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে।
আয়োজকেরা বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়; সমাজের অসংগতি, মানুষের জীবনসংগ্রাম ও মূল্যবোধের নানা দিক তুলে ধরে জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজ গঠনে নাট্যচর্চার এ ভূমিকা আরও বিস্তৃত করতেই নিয়মিত নাট্য আয়োজন করা হচ্ছে।
























