যশোর সদর হাসপাতালের বাথরুম থেকে যুবক-যুবতী আটক
- আপডেট সময় : ০৮:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৩৫ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবক ও এক যুবতীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন হাসপাতালের রোগী, স্বজন ও উপস্থিত লোকজন। এ ঘটনায় হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে হাসপাতালের তিনতলার মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মোস্তাক শাহারিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার।
হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা জানান, বিকেলের দিকে ওই যুবক ও যুবতী একসঙ্গে মহিলা ওয়ার্ডের একটি বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও তারা বাইরে না আসায় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি হাসপাতাল পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ নিয়ে রোগী, স্বজন ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন। কখনো তারা নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে দাবি করছেন, আবার কখনো নিজেদের বিবাহিত বলছেন। তাদের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























