রামনগরে বৃদ্ধার জরাজীর্ণ ঘর মেরামতে মুন্সি নাজমুল’র সহায়তা
- আপডেট সময় : ১০:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ২৭ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের অসহায় ও বৃদ্ধা নূরজাহান বেগমের জরাজীর্ণ ঘর মেরামতের জন্য টিন, প্রয়োজনীয় সরঞ্জাম ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার সকালে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূরজাহান বেগমের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। রামনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সি মো. নাজমুল হোসেনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এ সহায়তা দেওয়া হয়। এ ছাড়া একই এলাকার অসুস্থ এক বৃদ্ধের এক মাসের ওষুধের খরচ বহনসহ প্রয়োজন অনুযায়ী আরও কিছু মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।
সহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইমতিয়াজ আহমেদ এরশাদ, সেক্রেটারি ফারুক হোসেন, স্থানীয় প্রতিনিধি হাসিফ হোসেন, বদর উদ্দিন, হাসান আলী, সোবহান হোসেন ও সাকিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।


























