মোটরসাইকেল জব্দ
চৌগাছায় এসকাফ সিরাপসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১০:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৬ বার পঠিত

যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৬৮ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। সোমবার (২৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এএসআই) মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
পুলিশ জানায়, চৌগাছা থানার বর্ণি গ্রামের মিহিরের পাটক্ষেতের সামনে বর্ণি (মাঝের পাড়া) থেকে রাজাপুরগামী ইটের সলিং সড়কে অভিযান চালিয়ে নয়ন বিশ্বাস (৩০)-কে আটক করা হয়। আটক নয়ন বিশ্বাস বর্ণি (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা এবং তিনি বিমল বিশ্বাসের ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে ৬৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূলে চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















