ধর্মীয় শিক্ষার প্রসারেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব: ওসি মাসুম খান
- আপডেট সময় : ১০:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১০ বার পঠিত

সন্তানদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ ও নৈতিক মূল্যবোধে শিক্ষিত করে তুলতে পারলে সমাজ থেকে মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।
সোমবার (২৭ জুলাই) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ভূমি অধিগ্রহণকৃত গ্রাহকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর-ঝিনাইদহ মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ গ্রাহকদের কাছে নির্বিঘ্নে ও নিরাপদে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মাসুম খান বলেন, অভিভাবকদের উচিত সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলা। পরিবার থেকেই সঠিক শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে মাদক, জুয়াসহ নানা ধরনের সামাজিক অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি কমিউনিটি ব্যাংকের সেবার নির্ভরযোগ্যতার কথা তুলে ধরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ নিরাপদে গ্রহণ ও ব্যাংকিং সেবা নিশ্চিন্তে ব্যবহারের জন্য গ্রাহকদের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেবাশীষ পাল, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ বিতরণে স্বচ্ছতা, নিরাপত্তা ও গ্রাহকসেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
























